এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ , ১২:১০ পিএম

অনলাইন সংস্করণ

‘ডিগার’ সিনেমায় অবিশ্বাস্য পরিবর্তন টম ক্রুজের

দর্শকের কাছে টম ক্রুজ মানেই দুঃসাহসিক স্টান্ট, দ্রুতগতির অ্যাকশন আর অসম্ভবকে সম্ভব করে ফেলা এক পর্দা-নায়ক। দীর্ঘদিন ধরে ‘মিশন: ইমপসিবল’ ও ‘টপ গান’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির মুখ হয়ে থাকা এই হলিউড তারকা এবার হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত নতুন সিনেমা ‘ডিগার’-এ টম ক্রুজকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা দেখে তাঁকে চেনাই কঠিন।

গত সোমবার প্রকাশিত ট্রেলারটি দর্শকদের বিস্মিত করেছে মূলত টম ক্রুজের অভাবনীয় শারীরিক রূপান্তরের কারণে। প্রোস্থেটিক মেকআপের সাহায্যে তাঁর চিরচেনা তারুণ্যদীপ্ত চেহারাকে বদলে দেওয়া হয়েছে এক বৃদ্ধ, ক্লান্ত ও ক্ষমতালোভী মানুষের রূপে। মুখজুড়ে বলিরেখা, ঝুলে পড়া ত্বক এবং বয়সের ছাপ ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ভারী সিলিকন প্রোস্থেটিকস। ঘন চুলের পরিবর্তে তাঁকে দেখা গেছে প্রায় টাক মাথায়, যেখানে রয়েছে অল্প কিছু সাদা ও পাতলা চুল। চরিত্রটির বিলাসী ও অলস জীবনযাপনের প্রতিফলন ঘটাতে বডি স্যুটের মাধ্যমে যুক্ত করা হয়েছে কৃত্রিম ভুঁড়িও।

তবে পরিবর্তন শুধু বাহ্যিক রূপেই সীমাবদ্ধ নয়। চরিত্রটিকে জীবন্ত করে তুলতে টম ক্রুজ বদলে ফেলেছেন তাঁর হাঁটার ভঙ্গি, শরীরী ভাষা এবং সংলাপ বলার ধরনও। ২০০৮ সালের ‘ট্রপিক থান্ডার’ সিনেমায় লেস গ্রসম্যান চরিত্রে অভিনয়ের পর এটিই তাঁর দ্বিতীয় বড় প্রোস্থেটিক মেকআপনির্ভর চরিত্র।

টম ক্রুজের এই বিস্ময়কর রূপান্তরের পেছনে রয়েছেন জাপানি-আমেরিকান প্রোস্থেটিক মেকআপ শিল্পী কাজু হিরো। ‘ডার্কেস্ট আওয়ার’-এ গ্যারি ওল্ডম্যান এবং ‘বোম্বশেল’-এ শার্লিজ থেরনের অসাধারণ মেকআপের জন্য তিনি অস্কার জয় করেন। এ ছাড়া আরও চারবার অস্কারের মনোনয়ন পেয়েছেন এই খ্যাতিমান শিল্পী।

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজ অভিনয় করেছেন টেক্সাসের প্রভাবশালী তেল ব্যবসায়ী ডিগার রকওয়েল চরিত্রে। ক্ষমতা, অর্থ এবং সীমাহীন লোভে অন্ধ এই চরিত্র একসময় নিজের পরিবার, সমাজ এবং নিজের বিবেকের সঙ্গেই সংঘাতে জড়িয়ে পড়ে। মাটির গভীর থেকে তেল উত্তোলনের উন্মাদনা তাকে ধীরে ধীরে ঠেলে দেয় এক মনস্তাত্ত্বিক অন্ধকারের দিকে। নিজের হাতে গড়া সাম্রাজ্যের ভেতরেই বন্দী হয়ে পড়া এক মানুষের পতনের গল্প তুলে ধরবে সিনেমাটি।

পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু জানান, ২০১৫ সালে ‘দ্য রেভেন্যান্ট’ নির্মাণের পর তাঁর মাথায় ‘ডিগার’-এর ভাবনা আসে। প্রায় তিন বছর ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করার পর তিনি টম ক্রুজের সঙ্গে যোগাযোগ করেন। ইনারিতুর ভাষায়, ‘এই সিনেমাটি নির্মাণ করতে আমার ১০ বছর লেগেছে। টম যে রূপান্তরের মধ্য দিয়ে গেছে, তা সত্যিই অবিশ্বাস্য। একদিন সে আমাকে বলেছিল, "আলেহান্দ্রো, এমন একটি চরিত্রে অভিনয় করতে আমার ৪০ বছর সময় লেগে গেল।" আমরা দুজনেই জানতাম, এটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।’

টম ক্রুজও জানিয়েছেন, তাঁর দীর্ঘ অভিনয়জীবনে এমন চ্যালেঞ্জিং চরিত্র খুব কমই এসেছে। তিনি বলেন, ‘আমি আগে কখনো এমন কোনো চরিত্রে কাজ করিনি, যা আমাকে এতটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দর্শকরা যখন সিনেমাটি দেখবেন, তখন তাঁরা সম্পূর্ণ নতুন এবং মৌলিক এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’

‘ডিগার’-এ টম ক্রুজের পাশাপাশি আরও অভিনয় করেছেন জন গুডম্যান, রিজ আহমেদ, সান্ড্রা হুলার, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমনস, সোফি ওয়াইল্ড এবং এমা ডি’আর্সি। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী ২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।