প্রকাশিত: ১৫ সেপ্টেম্বার ২০২৬ , ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে অতিরঞ্জিত উদ্বেগ না ছড়িয়ে প্রযুক্তিটির উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এআই নিয়ে কিছু মহল এমন আশঙ্কা তুলে ধরছে, যার অনেকটাই বাস্তবে ঘটবে না।
রোববার আয়ারল্যান্ডে নিজের গলফ কোর্সে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এআই খাতে যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের চেয়ে এগিয়ে রয়েছে এবং এই অবস্থান ধরে রাখাই তাঁর লক্ষ্য। তিনি বলেন, ভবিষ্যতে যে দেশ এআই প্রযুক্তিতে এগিয়ে থাকবে, বৈশ্বিক প্রতিযোগিতায় তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে।
তবে এআইয়ের ওপর কিছু ‘গার্ডরেল’ বা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা প্রয়োজন হতে পারে বলেও স্বীকার করেন ট্রাম্প। একই সঙ্গে প্রযুক্তিটির অগ্রগতি ধীর করে দেওয়ার মতো অতিরিক্ত নিয়ন্ত্রণের বিষয়ে তিনি সতর্ক করেন।
এমন অবস্থানের বিপরীতে সাম্প্রতিক সময়ে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের ভেতরেই উদ্বেগ বাড়ছে। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের দুই সাবেক গবেষক সতর্ক করেছেন, দ্রুতগতিতে উন্নত হওয়া এআই ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে।
অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই শনিবার এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণ এবং ঝুঁকি মোকাবিলায় সময় তৈরির জন্য তিন ধাপের একটি কাঠামো প্রস্তাব করেন। ইলন মাস্ক ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানসহ কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা তাঁর প্রস্তাবকে সমর্থন করেছেন।
আমোদেই বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। কারণ এআইয়ের সামরিক ও কৌশলগত সুবিধা এতটাই গুরুত্বপূর্ণ যে, একতরফাভাবে গতি কমিয়ে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সনও যুক্তরাষ্ট্রকে চীনসহ অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, নিয়ন্ত্রণে সমন্বয় না হলে দুই দেশ আরও ঝুঁকিপূর্ণ প্রযুক্তিগত প্রতিযোগিতায় জড়িয়ে পড়তে পারে।