-
🇧🇩
বাংলা মূল ভাষা (Original)
-
🇺🇸
English English
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য অর্থায়নের দাবিতে তুরস্কের আনতালিয়ায় পদযাত্রা করেছেন বিভিন্ন দেশের হাজারো মানুষ। শনিবার বিকেলে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ভেন্যুর বাইরে আয়োজিত এ কর্মসূচিতে তরুণ, পরিবেশকর্মী, শ্রমিক, আদিবাসী প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন।
আয়োজকদের দাবি, পদযাত্রায় ১০ হাজারের বেশি মানুষ যোগ দেন। বিকেল ৩টায় শহরের আইদিন কানজা পার্ক থেকে শুরু হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিপাবলিক স্কয়ারের দিকে এগিয়ে যায়। অংশগ্রহণকারীদের হাতে ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড।
বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতে প্রতিবছর নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমাতে কার্যকর অগ্রগতি নেই। নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ অব্যাহত থাকায় জলবায়ু সংকট আরও গভীর হচ্ছে। অথচ বৈশ্বিক উষ্ণায়নের জন্য সবচেয়ে কম দায়ী দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোই এর সবচেয়ে বড় ভুক্তভোগী।
পদযাত্রা থেকে উন্নত দেশগুলোর কাছে পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের দাবি জানানো হয়। কর্মীরা বলেন, অভিযোজন ও জলবায়ু বিপর্যয় মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা জলবায়ু নীতিনির্ধারণে তরুণ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে খাদ্য সার্বভৌমত্ব, আদিবাসীদের ভূমির অধিকার এবং কৃষকদের জীবিকা সুরক্ষার দাবিও তোলেন।
কপ৩১ সম্মেলনে যখন বিশ্বনেতারা জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা করছেন, তখন সম্মেলনস্থলের বাইরে এই পদযাত্রা দ্রুত ও ন্যায়সংগত পদক্ষেপের জন্য নাগরিক সমাজের চাপের প্রতিফলন ঘটিয়েছে।