-
🇧🇩
বাংলা মূল ভাষা (Original)
-
🇺🇸
English English
ফিনল্যান্ডের হিমশীতল আবহাওয়ায় পিঠার ঘ্রাণ, বাংলার ঐতিহ্য আর প্রবাসীদের প্রাণখোলা আড্ডায় মুখর হয়ে উঠেছিল রাজধানী হেলসিংকি। দেশীয় খাবার, বাহারি পিঠাপুলি ও সাংস্কৃতিক আবহে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা মেলা ২০২৬’। রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এ মেলা পরিণত হয় প্রবাসীদের এক আনন্দঘন মিলনমেলায়।
প্রবাসের কর্মব্যস্ত জীবনে এ আয়োজন যেন সবাইকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবের স্মৃতি, গ্রামবাংলার শীতের সকাল আর মায়ের হাতের তৈরি পিঠার স্বাদে। পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে মেলায় অংশ নেন ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

মেলায় ছিল বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠাপুলি, দেশীয় খাবার এবং বিভিন্ন পণ্যের স্টল। দর্শনার্থীরা ঘুরে ঘুরে স্টল পরিদর্শন করেন, পছন্দের খাবার উপভোগ করেন এবং পরিচিতজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন ফিনল্যান্ডের সংসদ সদস্য আত্তে কালেভা (Atte Kaleva)। তিনি মেলায় অংশ নিয়ে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে সময় কাটান। তাঁর উপস্থিতি আয়োজনটিতে বাড়তি মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য দেন ইমন আহমদ, মহি খান, মোস্তাক সরকার, জিতু ইসলাম ও নুরুজ্জামান ভূঁইয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ফিনল্যান্ডে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে পিঠা মেলার মতো উদ্যোগ প্রয়োজন।
.jpg)
তাঁরা আরও বলেন, পিঠা মেলা কেবল খাবার পরিবেশন কিংবা কেনাবেচার আয়োজন নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার একটি কার্যকর মাধ্যম।
মেলায় শিশুদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও সামাজিক সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পায় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম। পাশাপাশি ফিনল্যান্ডের বহুসাংস্কৃতিক সমাজে বাঙালির নিজস্ব সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার সুযোগ তৈরি হয়।
.jpg)
অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
সব মিলিয়ে পিঠা মেলা ২০২৬ শুধু একটি সাংস্কৃতিক আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি; হয়ে উঠেছিল স্মৃতি, আবেগ ও শিকড়ের টানে একত্র হওয়ার উপলক্ষ। ফিনল্যান্ডের হিমশীতল পরিবেশে পিঠার উষ্ণতা আর বাঙালির প্রাণের উৎসবে হেলসিংকিতে যেন তৈরি হয়েছিল এক টুকরো বাংলাদেশ।