-
🇧🇩
বাংলা মূল ভাষা (Original)
-
🇺🇸
English English
মেয়র মামদানির ঐতিহাসিক নির্বাহী আদেশ
ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো নিউ ইয়র্কবাসীকে যেন আর পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হতে না হয়, তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান কোয়ামে মামদানি। শহরের সরকারি অর্থায়নে পরিচালিত খাবার কর্মসূচিগুলোতে ধর্মীয় অন্তর্ভুক্তি আরও জোরদার করতে তিনি ‘নির্বাহী আদেশ ২৫’ (Executive Order 25)-এ স্বাক্ষর করেছেন। মেয়রের খাদ্য নীতি বিষয়ক কার্যালয় (MOFP) আগামী এক বছরের মধ্যে অর্থাৎ ১৭ নভেম্বর, ২০২৭ তারিখের মধ্যে নগর সংস্থাগুলোর জন্য একটি পূর্ণাঙ্গ ‘খাদ্য নির্দেশিকা’ তৈরি করবে।
এই শহরের বিভিন্ন সংস্থা প্রতি বছর সরকারি স্কুলের শিক্ষার্থী, হাসপাতালের রোগী, প্রবীণ নাগরিক এবং আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের মধ্যে ২২ কোটিরও বেশি খাবার ও পানীয় সরবরাহ করে। নতুন এই আদেশের ফলে এই বিশাল জনগোষ্ঠীর জন্য হালাল ও কোশারসহ ধর্মীয় খাদ্যাভ্যাস অনুযায়ী খাবার পাওয়া আরও সহজ ও সুসংহত হবে।
এতে মান নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিতক করা হবে। খাবারের পবিত্রতা ও গুণগত মান নিশ্চিতে তৃতীয় পক্ষের নির্ভরযোগ্য সার্টিফিকেশন, উপাদানগুলোর স্বচ্ছ লেবেলিং এবং সেবাগ্রহীতাদের মতামত জানতে বার্ষিক সমীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
আদেশে স্বাক্ষর করে মেয়র মামদানি বলেন, "নিউ ইয়র্ক সরকার যে খাবার পরিবেশন করে, তা এই শহরের বৈচিত্র্যময় অধিবাসীদের প্রতিচ্ছবি হওয়া উচিত। ধর্মীয় রীতিনীতির পরিপন্থী হওয়ার কারণে কোনো নাগরিককে যেন পুষ্টিকর খাবার প্রত্যাখ্যান করতে না হয়, আমরা তা নিশ্চিত করছি।"
মেয়রের এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন নিউ ইয়র্কের মুসলিম ও ইহুদিরা কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ। মেট্রোপলিটন নিউ ইয়র্কের মজলিস আশ-শুরা, ইউজেএ-ফেডারেশন অফ নিউ ইয়র্ক, কোপো (COPO) এবং আগুদাত ইসরায়েল অফ আমেরিকাসহ বিভিন্ন সংগঠন জানিয়েছে, এই সিদ্ধান্ত প্রান্তিক, প্রবীণ ও ধর্মপ্রাণ নাগরিকদের খাদ্য নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় মাইলফলক হয়ে থাকবে।
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)'র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলাওয়ার হোসাইন মেয়রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন মামদানী নির্বাচনের পূর্বে আমাদেরকে দেয়া সব প্রতিশ্রুতিই পর্যায়ক্রমে রক্ষা করবেন বলে আশা করা যায় ।