প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ , ০৬:০৭ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার মার্কিন প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ রায় দেন। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কার্যকর করা নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।
রায়ে বলা হয়, অভিবাসী ভিসার আবেদন যাচাই ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তাদের ক্ষমতা আইন দ্বারা নির্ধারিত। আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে বিপুলসংখ্যক মানুষের ভিসা আবেদন একযোগে বন্ধ করার ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রীর নেই।
নীতিটির আওতায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বসনিয়া ও আলবেনিয়াসহ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছিল। মার্কিন প্রশাসনের যুক্তি ছিল, এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি বেশি।
তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেননি। অভিবাসী অধিকার সংগঠন ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার নীতিটির বিরুদ্ধে মামলা করেছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির মধ্যে আদালতের এ রায়কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। রায়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।