প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ , ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ
লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদী মন্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের অবস্থান বজায় রাখবে।
বৃহস্পতিবার প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাটজ বলেন, লেবাননে সামরিক অভিযান পরিচালনার জন্য ইসরায়েল কারও অনুমতি নেয়নি এবং সেখানে অবস্থান অব্যাহত রাখতেও কোনো বাহ্যিক অনুমতির প্রয়োজন নেই। তার ভাষায়, গ্যালিলি অঞ্চলের বাসিন্দা ও ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেনা মোতায়েন অব্যাহত থাকবে।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, তার বিশ্বাস ইসরায়েল শিগগিরই লেবানন থেকে সেনা প্রত্যাহারের পথে এগোবে। তবে কাটজের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে তেল আবিব সেই অবস্থান থেকে সরে আসছে না।
এদিকে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের বিষয়ে নতুন করে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে সংস্থাটি অভিযোগ করেছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলাকালে ইসরায়েলের একাধিক বিমান হামলায় বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং অনেক পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
এসব হামলার নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডে তদন্তের আহ্বান জানিয়ে অ্যামনেস্টি বলেছে, ঘটনাগুলো যুদ্ধাপরাধের আওতায় পড়ে কি না, তা জরুরি ভিত্তিতে তদন্ত করা উচিত। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।