প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬ , ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
হলিউডের বড় বাজেটের সিনেমা ও আন্তর্জাতিক সিরিজের অন্যতম জনপ্রিয় শুটিং লোকেশন হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত মরক্কোর ওয়ারজাজাত। এবার সেই শহরকে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পের আরও বড় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশাল উদ্যোগ নিয়েছে মরক্কো সরকার। সেখানে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎপাদন কমপ্লেক্স ‘ইন্টারন্যাশনাল সিনেমা সিটি’, যা ভবিষ্যতে বিশ্বের অন্যতম আধুনিক ফিল্ম প্রোডাকশন হাব হিসেবে কাজ করবে।
মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২৭ জুন প্রকল্পটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ওয়ারজাজাত শহরের প্রবেশমুখে প্রায় ২৪ একর জমির ওপর গড়ে উঠছে এই সিনেমা সিটি। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৪০ মিলিয়ন মরোক্কান দিরহাম।
অ্যাটলাস পর্বতমালা ও সাহারা মরুভূমির মাঝামাঝি অবস্থানে নির্মিত এই কমপ্লেক্সকে একটি পূর্ণাঙ্গ ‘ওয়ান-স্টপ ফিল্ম প্রোডাকশন হাব’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। একটি চলচ্চিত্র বা ওয়েব সিরিজের পরিকল্পনা, শুটিং, পোস্ট-প্রোডাকশন, ভিএফএক্স থেকে শুরু করে প্রদর্শনের প্রস্তুতি পর্যন্ত প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই থাকবে একই স্থানে।
সিনেমা সিটিতে নির্মিত হবে আন্তর্জাতিক মানের সাউন্ড স্টেজ, এডিটিং স্যুট, স্ক্রিনিং রুম এবং আধুনিক পোস্ট-প্রোডাকশন সুবিধা। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইমারসিভ প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণের জন্য থাকবে বিশেষায়িত বিভাগ। স্থানীয় শিল্পী, প্রযুক্তিবিদ ও নতুন নির্মাতাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র এবং দেশি-বিদেশি শুটিং ইউনিটের জন্য আধুনিক আবাসন ব্যবস্থাও রাখা হবে।
বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় হলিউডের স্টুডিও ও বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম তুলনামূলক কম খরচে উন্নত অবকাঠামোসমৃদ্ধ বিকল্প লোকেশন খুঁজছে। সেই সুযোগকে কাজে লাগাতে মরক্কো সরকার বিদেশি প্রযোজকদের জন্য ৩০ শতাংশ ক্যাশ রিবেট, সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি, শুটিং সরঞ্জাম ভাড়ায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় এবং হোটেল বুকিংয়ে বিশেষ সুবিধা ঘোষণা করেছে।
ওয়ারজাজাতে এর আগেও বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজনার শুটিং হয়েছে। রিডলি স্কটের গ্ল্যাডিয়েটর ২, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি, লর্ড অব ওয়ার-এর সিক্যুয়েল, ফরাসি চলচ্চিত্র ডি গল: রেজিস্ট্যান্স, জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনস এবং মার্টিন স্করসেসির দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট-এর বিভিন্ন অংশের দৃশ্যধারণ হয়েছে এই অঞ্চলে।
মরক্কো সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে বিদেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার মাধ্যমে প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ এসেছে। নতুন সিনেমা সিটি চালু হলে আন্তর্জাতিক প্রযোজনা, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে সরকারের প্রত্যাশা।