এখন সময় ডেস্ক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ , ০২:৪০ এ এম

অনলাইন সংস্করণ

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সর্বোচ্চ দুই ঘণ্টা সময় পাবে যুক্তরাষ্ট্রের শিশুরা

কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্যের সঙ্গে বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে মেটা প্লাটফর্মস। চুক্তির আওতায় আগামী ১০ বছরে সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার পর্যন্ত পরিশোধ করতে হতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটিকে।

সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টার সীমা থাকবে। অভিভাবকের অনুমতি ছাড়া রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এসব প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না। স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেশিরভাগ পুশ নোটিফিকেশনও বন্ধ রাখবে মেটা।

বুধবার ঘোষিত এই চুক্তির মাধ্যমে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে ক্ষতিকর ও আসক্তিকরভাবে নকশা করার অভিযোগে মেটার বিরুদ্ধে করা একটি বড় ফেডারেল মামলার নিষ্পত্তি হয়েছে। তবে কোনো ধরনের অন্যায় করার কথা স্বীকার করেনি প্রতিষ্ঠানটি।

চুক্তির অংশ হিসেবে বয়সসীমা নির্ধারিত কনটেন্টে শিশুদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে মেটা। কয়েকটি অঙ্গরাজ্য জানিয়েছে, সমঝোতা থেকে পাওয়া অর্থের একটি অংশ শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয় করা হতে পারে।

তবে সমঝোতায় ব্যক্তিগত কনটেন্ট বা শিশুদের লক্ষ্য করে দেওয়া বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ করার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে আরও কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন সমালোচকেরা।

মেটার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি কিশোরদের প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় ধরে রাখতে আসক্তিনির্ভর নকশা ব্যবহার করেছে এবং এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছে।

এদিকে, ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতেও মেটাকে আরও ৪৫৯ মিলিয়ন ডলার দিতে হবে।