এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৬ , ০৮:০৩ এ এম

অনলাইন সংস্করণ

সৌদিতে ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশি নিহত

রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড; নিহতদের মধ্যে নওগাঁর ১৩ জন, একজনই জীবিত

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে শিফা থানা এলাকার মুসা সানাইয়া শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের লেবার উইং জানিয়েছে, কারখানাটিতে মোট ১৭ জন বাংলাদেশি কর্মী ছিলেন। তাদের মধ্যে হাবিবুর রহমান হাবিব নামে একজন ঘটনার সময় বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। ঘটনার সময় তিনি চুল কাটাতে সেলুনে গিয়েছিলেন।

হাবিবুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে তিনি চুল কাটার জন্য সেলুনে যান। কিছুক্ষণ পর ফিরে এসে কারখানাটিতে আগুন জ্বলতে দেখেন। পরে জানতে পারেন, ভেতরে থাকা অন্য ১৬ কর্মী আগুনে আটকা পড়েছেন।

দূতাবাসের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় সময় রাত ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।

স্থানীয় ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আটজন সরাসরি আগুনে পুড়ে মারা যান। অন্যরা ঘন কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা যান বলে দূতাবাসকে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দার সংখ্যা নিয়ে সরকারি সূত্রে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ জন আত্রাইয়ের বাসিন্দা। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সংখ্যা ১৩ জন।

এ ছাড়া নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার সাব্বির ও শামিম এবং রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল রয়েছেন।

নিহত ১৬ বাংলাদেশি হলেন—ফরিদ, শুভ, মো. রুবেল প্রামাণিক, সুমন, মো. কলিম উদ্দিন, মো. মোহন, মো. সুমন, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল, সাগর, শামিম, সাব্বির ও শ্যামল।

মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ

মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করা, আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং মরদেহ দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ শুরু করে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারগুলোর একটি। বিপুলসংখ্যক বাংলাদেশি সেখানে কর্মরত থাকায় এ দুর্ঘটনার খবর দেশে থাকা নিহতদের স্বজনদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ তৈরি করেছে।