প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ , ১০:২২ এ এম
অনলাইন সংস্করণ
সালমান খানের বহুল আলোচিত চলচ্চিত্র ‘মাতৃভূমি: যুদ্ধ থেমে যাক’ সেন্সর বোর্ডে আটকে আছে বলে যে খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সরাসরি নাকচ করেছে সালমান খান ফিল্মস। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, চলচ্চিত্রটি এখনো ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ডে (সিবিএফসি) জমাই দেওয়া হয়নি। ফলে সেন্সর ছাড়পত্র আটকে থাকার প্রশ্নই ওঠে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, চলচ্চিত্রটি সেন্সর জটিলতায় রয়েছে বা ছাড়পত্র স্থগিত করা হয়েছে, এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন। গণমাধ্যম ও সংশ্লিষ্টদের যাচাই ছাড়া তথ্য প্রকাশ না করার আহ্বানও জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়, চলচ্চিত্র-সংক্রান্ত সব আনুষ্ঠানিক তথ্য শুধুমাত্র সালমান খান ফিল্মসের পক্ষ থেকেই প্রকাশ করা হবে।
এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ২০২০ সালে ভারত-চীন গালওয়ান উপত্যকা সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রের সেন্সর ছাড়পত্রের প্রক্রিয়া চলমান রয়েছে। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছিল, প্রক্রিয়াটি বন্ধ হয়নি, তবে এখনো শেষও হয়নি।
চলচ্চিত্রটি প্রথমে চলতি বছরের ১৭ এপ্রিল, ঈদ উপলক্ষে মুক্তির পরিকল্পনা ছিল। পরে মুক্তির তারিখ পিছিয়ে আগস্ট নির্ধারণের আলোচনা হয়। তবে সর্বশেষ পরিস্থিতিতে আগস্টেও ছবিটি মুক্তি পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এ ছবির প্রযোজক সালমা খান। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিলাষ চৌধুরী ও অঙ্কুর ভাটিয়া। সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া।
চলচ্চিত্রটির নাম শুরুতে ‘গালওয়ানের যুদ্ধ’ রাখা হলেও পরে তা পরিবর্তন করে ‘মাতৃভূমি: যুদ্ধ থেমে যাক’ করা হয়। নাম পরিবর্তনের পাশাপাশি আরও কিছু সংশোধনের কাজও চলছে বলে জানা গেছে, যা মুক্তির সময়সূচিতে প্রভাব ফেলতে পারে।
মুক্তির আগেই ছবিটি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে। টিজার প্রকাশের পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, গালওয়ান উপত্যকার সংঘর্ষের ঘটনাকে চলচ্চিত্রে পক্ষপাতদুষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চলচ্চিত্র নির্মাণ ও ছাড়পত্রের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব, এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিনে চলচ্চিত্রটির প্রথম টিজার প্রকাশ করা হয়। এতে তিনি ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং কর্মকর্তা কর্নেল সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করেছেন। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষে সীমান্তে দায়িত্ব পালনকালে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল সন্তোষ বাবু।