প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ , ০৬:০৫ এ এম
অনলাইন সংস্করণ
১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতায় রাজি হয়েছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। শিশুদের গোপনীয়তা রক্ষায় যুক্তরাষ্ট্রে এটি অন্যতম বড় আর্থিক নিষ্পত্তি।
২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে মার্কিন বিচার বিভাগ টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ ছিল, অভিভাবকের সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী লাখ লাখ শিশুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট (কপা) অনুযায়ী, এ বয়সী শিশুদের তথ্য সংগ্রহে অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক।
সমঝোতার আওতায় টিকটক ও বাইটড্যান্স অবিলম্বে বিচার বিভাগকে ৩০ কোটি ডলার দেবে। ২০১৯ সালের একটি আইনি সমঝোতা বাতিলের পর আরও ১০ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে।
মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, মামলা শুরুর সময়ের তুলনায় এখন শিশু ও অভিভাবকেরা টিকটকে বেশি সুরক্ষা পাচ্ছেন। মামলা দায়েরের পর প্ল্যাটফর্মটির গোপনীয়তা নীতি, মালিকানা কাঠামো এবং তরুণ ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তন এসেছে বলেও জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
এর আগে একই আইনের আওতায় ইউটিউবকে ২০১৯ সালে ১৭ কোটি ডলার এবং এপিক গেমসকে ২০২২ সালে ২৭ কোটি ৫০ লাখ ডলার দিতে হয়েছিল।
এদিকে শিশুদের লক্ষ্য করে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার অভিযোগে মেটার বিরুদ্ধেও ২৯টি অঙ্গরাজ্য মামলা করেছে। চলতি সপ্তাহে ওই মামলার বিচার শুরু হয়েছে।
বর্তমানে টিকটকের মার্কিন ব্যবসার ৮১ শতাংশ একটি বিনিয়োগকারী জোটের মালিকানায় এবং বাইটড্যান্সের হাতে রয়েছে ১৯ শতাংশ।