এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ , ১১:৫২ এ এম

অনলাইন সংস্করণ

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৬০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৫০ জন নিখোঁজ

ভূমধ্যসাগরে আবারও মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপকূলীয় শহর তোব্রুক থেকে প্রায় ৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ইতালির উদ্দেশে যাত্রা শুরু করে। তবে উপকূল ছেড়ে কিছুদূর এগোতেই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাগরের তীব্র স্রোতে ভেসে যান। তাদের মধ্যে মাত্র ১০ জন সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে কোস্ট গার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় এটি সর্বশেষ সংযোজন। গত মাসেও লিবিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌকা ডুবে অন্তত ৫১ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরেই ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের হাজারো মানুষ। উন্নত জীবনের আশায় অনেকেই মানবপাচারকারীদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথ বেছে নেন। কিন্তু অনিরাপদ নৌযান, প্রতিকূল আবহাওয়া এবং দীর্ঘ সমুদ্রযাত্রার কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত শুধু লিবিয়ার উপকূলেই ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের অধিকাংশই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল ইউরোপের বিভিন্ন দেশ।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার এই বিপজ্জনক অভিবাসনপথে নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও নতুন করে সামনে এনেছে এ দুর্ঘটনা।