এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ , ১০:০৮ এ এম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় নতুন বিধিনিষেধ, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন বিধিমালায় বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিনের প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডিওএস) পদ্ধতির অবসান হতে যাচ্ছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এ-সংক্রান্ত নতুন বিধিমালা জারি করেছে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে তার আগে বিধিমালাটি কংগ্রেসের পর্যালোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণভাবে সর্বোচ্চ চার বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি পাবেন। অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের একবারে সর্বোচ্চ ২৪০ দিন থাকার সুযোগ দেওয়া হবে। চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এই সময়সীমা আরও কমিয়ে সর্বোচ্চ ৯০ দিন নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়সীমার পর যুক্তরাষ্ট্রে অবস্থান অব্যাহত রাখতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত না হলে তাদের নিজ দেশে ফিরে নতুন করে ভিসা নিয়ে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।

বর্তমানে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চলমান থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। নতুন বিধিমালা কার্যকর হলে সেই সুযোগ আর থাকবে না। ফলে ভিসার মেয়াদ ও অবস্থানের সময়সীমা আরও কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।

বিশ্লেষকদের মতে, এই নীতির প্রভাব আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে পড়তে পারে। বিশেষ করে দীর্ঘমেয়াদি স্নাতকোত্তর ও গবেষণামূলক শিক্ষা কার্যক্রমে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশাসনিক জটিলতা ও ব্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

ডিএইচএসের দাবি, গত বছর রেকর্ডসংখ্যক বিদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অবস্থান কার্যকরভাবে পর্যবেক্ষণ এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এ পরিবর্তন আনা হচ্ছে।

তবে অভিবাসন আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন এই নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, ভিসা নবায়নের অতিরিক্ত প্রক্রিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষাকে আরও ব্যয়বহুল ও জটিল করে তুলবে। এর ফলে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি বিদেশি শিক্ষার্থীদের আগ্রহও কমে যেতে পারে।