এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৬ , ০৮:৪২ এ এম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে ইরান জানিয়েছে, ওয়াশিংটন যদি কোনো ‘উসকানিমূলক বা দুঃসাহসিক’ পদক্ষেপ নেয়, তাহলে তার পরিণতি ভোগ করতে হবে। এ খবর দিয়েছে আল আরাবিয়া।

শনিবার (১ আগস্ট) পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এ অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আলাপের সময় আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এবং এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মন্তব্য করেন।

এর কয়েক ঘণ্টা আগে কুয়েতের সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগোচ্ছিল। সেগুলো আকাশেই ভূপাতিত করা হয়েছে।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আপাতত ইরানে নতুন হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে। তবে তিনি শর্ত দিয়েছেন, চলমান কয়েক মাসের সংঘাতের অবসান ঘটাতে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বিশ্বের ভবিষ্যৎ শান্তি এবং একটি সমৃদ্ধ ইরানের স্বার্থে দ্রুত চুক্তি সম্ভব হলে তিনি হামলার পরিকল্পনা বাতিল করতে প্রস্তুত।

শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের পর ট্রাম্প বলেন, তার আলোচক দল, যার মধ্যে জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রয়েছেন, এখনো ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা দেখছেন।

তবে একই সঙ্গে তিনি ইরানের প্রতি অনাস্থার কথাও তুলে ধরেন। ট্রাম্পের ভাষ্য, তেহরান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। অন্যদিকে ইরানও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে আসছে।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।