এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬ , ০৮:৪২ এ এম

অনলাইন সংস্করণ

মার্কিন এআই প্রযুক্তি কাজে লাগিয়ে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে চীনের গবেষকরা

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রোপিকের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের সক্ষমতা ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি উন্নয়নে কাজ করছেন চীনের গবেষকরা। মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন বিকল্প পদ্ধতিতে এই প্রযুক্তি কাজে লাগানোর তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা ৮০টিরও বেশি গবেষণাপত্র ও পেটেন্টে দেখা গেছে, চীনের সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলো ‘মডেল ডিস্টিলেশন’ প্রযুক্তির মাধ্যমে উন্নত মার্কিন এআই মডেলের সক্ষমতা থেকে নতুন স্থানীয় মডেল তৈরি করছে। এই পদ্ধতিতে বড় এআই মডেলের উত্তর বা আউটপুট ব্যবহার করে অপেক্ষাকৃত ছোট ও বিশেষায়িত মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কম কম্পিউটিং শক্তি ব্যবহার করেই নিজস্ব নেটওয়ার্কে প্রযুক্তি পরিচালনা করা সম্ভব হয়।

ওয়াশিংটনভিত্তিক জেমসটাউন ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং সংশ্লিষ্ট সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলো মার্কিন এআই মডেলের যুক্তি বিশ্লেষণ করে তা সাইবার যুদ্ধ, নজরদারি এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় কাজে লাগানোর চেষ্টা করছে।

একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, পিএলএর ইউনিট ৯৬৯৪১ স্পর্শকাতর সামরিক কোড সংক্ষেপ করার কাজে ওপেনএআইয়ের জিপিটি-৩.৫ মডেল ব্যবহার করে। পরে সেই তথ্যের ভিত্তিতে চীনের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য একটি স্থানীয় এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ ছাড়া নর্থ ইউনিভার্সিটি অব চায়নার গবেষকরা সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণে অ্যানথ্রোপিকের ক্লড ৩ হাইকু মডেল ব্যবহার করেছেন। একই সঙ্গে ড্রোন পরিচালনা এবং সমুদ্র অভিযানে লক্ষ্যবস্তু শনাক্ত করার মতো সামরিক গবেষণাতেও উন্নত এআই প্রযুক্তি প্রয়োগের তথ্য পাওয়া গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন এবং প্রযুক্তি চুরির অভিযোগ করে আসছে। তবে বেইজিং এসব অভিযোগ প্রত্যাখ্যান করে একে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা বলে দাবি করেছে। চীনের এআই স্টার্টআপ মুনশটও তাদের কিমি কে৩ মডেল তৈরিতে মার্কিন প্রযুক্তি ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে অ্যানথ্রোপিক জানিয়েছে, তারা চীনে কোনো সেবা দেয় না। প্রতিষ্ঠানটির ভাষ্য, ডিস্টিলেশনের মাধ্যমে তৈরি মডেলে মূল এআই ব্যবস্থার নিরাপত্তা বৈশিষ্ট্য পুরোপুরি বজায় থাকে না।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ট্রেভর কোভেরকোর মতে, ডিস্টিলেশন প্রযুক্তি তুলনামূলক কম খরচে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণযোগ্য এআই ব্যবস্থা তৈরির সুযোগ দেয়। তবে এভাবে তৈরি মডেল মূল উন্নত এআই সিস্টেমের সমপর্যায়ের সক্ষমতা অর্জন করতে পারে না। একই সঙ্গে চীনা গবেষকেরা নিজেদের মডেলকে ভবিষ্যতে একই ধরনের তথ্য আহরণ বা ডিস্টিলেশন থেকে সুরক্ষিত রাখার উপায় নিয়েও গবেষণা চালিয়ে যাচ্ছেন।