প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ , ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মেয়াদ আরও চার বছর বাড়ানোর প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলসহ কয়েকটি প্রভাবশালী দেশের বিরোধিতা সত্ত্বেও সদস্য রাষ্ট্রগুলোর বড় অংশ তাঁর পক্ষে অবস্থান নিয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৪টি দেশ ভলকার তুর্কের মেয়াদ বৃদ্ধির পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে ১০টি এবং ১৩টি দেশ ভোটদানে বিরত থাকে। এর মধ্য দিয়ে আগামী চার বছর তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করবেন।
ভোটের আগে রাশিয়া একটি পাল্টা প্রস্তাব উত্থাপন করে। এতে তুর্কের মেয়াদ চার বছর নয়, ২০২৬ সালের শেষ পর্যন্ত অর্থাৎ মাত্র দুই মাসের কিছু বেশি সময় বাড়ানোর কথা বলা হয়। তবে সাধারণ পরিষদের বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্য সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
আগামী অক্টোবরে ভলকার তুর্কের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য চার বছর মেয়াদি প্রস্তাবটি উত্থাপন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দীর্ঘদিন ধরে তাঁরা একসঙ্গে কাজ করেছেন এবং গুতেরেস প্রকাশ্যেই তুর্কের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, আন্তোনিও গুতেরেসের মহাসচিব হিসেবে দায়িত্বও আগামী ডিসেম্বর মাসে শেষ হবে। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই ভলকার তুর্কের দ্বিতীয় দফার নিয়োগ অনুমোদন পেল।