প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ , ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বের বৃহত্তম ব্যাংকগুলোর তালিকায় আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছে চীন। সম্পদের (অ্যাসেট) আকারের বিচারে বিশ্বের শীর্ষ চারটি ব্যাংকই এখন চীনের। এছাড়া শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে সাতটিই চীনা এবং সবগুলোই রাষ্ট্রীয় মালিকানাধীন। আন্তর্জাতিক আর্থিক অঙ্গনে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে এমন তথ্য প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ব্যাংকার-এর সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)। দ্বিতীয় স্থানে রয়েছে চায়না কনস্ট্রাকশন ব্যাংক, তৃতীয় এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না এবং চতুর্থ ব্যাংক অব চায়না। পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের জেপিমরগ্যান চেজ।
টিয়ার-ওয়ান মূলধনের ভিত্তিতে প্রস্তুত করা এই তালিকায় প্রথমবারের মতো পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা ও সিটিগ্রুপ যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম অবস্থানে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তালিকাভুক্ত চীনা ব্যাংকগুলোর সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৫৪ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। একই তালিকায় থাকা মার্কিন ব্যাংকগুলোর সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার, যা চীনের তুলনায় অনেক কম।
তবে সম্পদের দিক থেকে এগিয়ে থাকলেও লাভজনকতা ও পরিচালন দক্ষতায় এখনও শক্ত অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো। দ্য ব্যাংকার-এর তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ এক হাজার ব্যাংকের মধ্যে চীনা ব্যাংকগুলোর সম্মিলিত কর-পূর্ব মুনাফা ৩৯২ বিলিয়ন ডলার, যেখানে মার্কিন ব্যাংকগুলোর কর-পূর্ব মুনাফা ৩২৮ বিলিয়ন ডলার। কিন্তু মুনাফার গুণগত মান, উৎপাদনশীলতা এবং দক্ষতার সূচকে মার্কিন ব্যাংকগুলো এখনো এগিয়ে রয়েছে।
প্রতিবেদনটি আরও বলছে, গত বছরের তুলনায় ইউরোপের ব্যাংকগুলোও আয় বৃদ্ধিতে ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে এবং দুর্বল অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে।
বিশ্লেষকদের মতে, চীনের ব্যাংকিং খাতের এই সম্প্রসারণ কেবল বাণিজ্যিক সাফল্য নয়, বরং বেইজিংয়ের দীর্ঘমেয়াদি আর্থিক ও ভূরাজনৈতিক কৌশলের অংশ। আন্তর্জাতিক লেনদেনে ইউয়ানের ব্যবহার বাড়ানো, বিকল্প আন্তঃসীমান্ত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশে ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় নিজেদের প্রভাব আরও বাড়াতে চায় চীন।
দ্য ব্যাংকার-এর প্রধান সম্পাদক সিলভিয়া পাভোনি বলেন, আন্তর্জাতিক বাজারে চীনা ব্যাংকগুলোর বিস্তার এবং ইউয়ানের আন্তর্জাতিকীকরণের উদ্যোগ ভবিষ্যতে প্রবৃদ্ধি ও মুনাফা বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা এবং বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও চীনের বৃহৎ ব্যাংকগুলো তাদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়েছে, যা দেশটির ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও সক্ষমতারই প্রতিফলন।