এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ , ০৮:১৪ এ এম

অনলাইন সংস্করণ

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’: ৬ দিনে নিহত ১০৯, অভিযান জোরদার পাকিস্তানের

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ‘অপারেশন শাবান’ নামে পরিচালিত এই অভিযানে গত ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত ছয় দিনে মোট ১০৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে রোববার এ তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৭১ জন ‘অপারেশন শাবান’-এর সময় এবং বাকি ৩৮ জন পৃথক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানের সময় বিভিন্ন জেলায় বিচ্ছিন্নতাবাদীদের একাধিক আস্তানায় অভিযান চালিয়ে এম-৪ কারবাইন অ্যাসল্ট রাইফেল, সাবমেশিনগান, রকেট লঞ্চার, মোবাইল ফোন, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গত ২ জুলাই বেলুচিস্তানের মাঙ্গি জেলার একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে হত্যা করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ওই ঘটনার পরই প্রদেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ।

তবে এই অভিযানে নিরাপত্তা বাহিনীরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ছয় দিনে বিভিন্ন স্থানে সংঘর্ষে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর ৪২ সদস্য নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস বা পুলিশ বাহিনীর কতজন সদস্য রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অভিযানে অংশ নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস এবং বেলুচিস্তান পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই বেলুচিস্তানে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে আন্দোলনের সূচনা হয়। ইসলামাবাদ এই আন্দোলনকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদ হিসেবে বিবেচনা করে সামরিকভাবে দমন করে আসছে। পাকিস্তানের অভিযোগ, বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতের সমর্থন পেয়ে থাকে। তবে ভারত বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আফগানিস্তানের সঙ্গে সীমান্তবর্তী বেলুচিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর সীমান্ত এলাকায় সশস্ত্র তৎপরতা বৃদ্ধির দাবি করে আসছে পাকিস্তান।