প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ , ১০:২০ এ এম
অনলাইন সংস্করণ
মিশর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে তাদের নতুন কৌশলগত সামরিক সদর দপ্তর ‘দ্য অক্টাগন’, যা দেশটির দাবি অনুযায়ী বিশ্বের বৃহত্তম সামরিক ও জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স। শনিবার (৪ জুলাই) প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই অত্যাধুনিক স্থাপনাটির উদ্বোধন করেন।
প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানায়, রাজধানী কায়রো থেকে প্রায় ৪৫ কিলোমিটার পূর্বে নির্মিত নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটালে গড়ে তোলা হয়েছে এই বিশাল কমপ্লেক্স। এটি মিশরের ‘নিউ রিপাবলিক’ কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য পুরোনো রাজধানীর জনঘনত্ব ও নিরাপত্তাজনিত চাপ কমিয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন প্রশাসনিক শহরে স্থানান্তর করা।
মিশরীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রায় ২২ হাজার একর (৮৯ বর্গকিলোমিটার) এলাকাজুড়ে বিস্তৃত ‘দ্য অক্টাগন’-এর মোট ফ্লোর স্পেস প্রায় ৪৭ লাখ বর্গমিটার। তাদের দাবি, আয়তনের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের পেন্টাগনের চেয়েও বড়।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ, AH-64 অ্যাপাচি হেলিকপ্টারের প্রদর্শনী, আলোকসজ্জা এবং ১১-গান স্যালুট। সামরিক পোশাকে অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট আল-সিসি।
১৩টি সমন্বিত কৌশলগত ও লজিস্টিক জোন নিয়ে গড়ে ওঠা এই সদর দপ্তর থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিমান প্রতিরক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম একটি কেন্দ্রীয় কমান্ড কাঠামোর আওতায় পরিচালিত হবে।
এছাড়া কমপ্লেক্সটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কমান্ড ব্যবস্থা, গোয়েন্দা তথ্য সমন্বয়, সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং আন্তঃসংস্থার সিদ্ধান্ত গ্রহণের আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এর ফলে সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত সামরিক অভিযান পরিচালনা আরও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরান, গাজা, লোহিত সাগর, পূর্ব ভূমধ্যসাগর, লিবিয়া সীমান্ত, সিনাই উপদ্বীপ এবং আফ্রিকার পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে মিশর তার সামরিক নেতৃত্ব ও কমান্ড ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সমন্বিত রূপ দিচ্ছে।