খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ , ০৮:১৮ এ এম

অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সবচেয়ে দামী সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফুটবলপ্রেমীরা শুধু দুই ইউরোপীয় পরাশক্তির লড়াইই দেখবেন না, দেখবেন ইতিহাসের সবচেয়ে মূল্যবান দুটি স্কোয়াডের মুখোমুখি সংঘর্ষও। খেলোয়াড়দের বর্তমান বাজারমূল্যের হিসাবে ফ্রান্স ও স্পেনের মোট স্কোয়াডের মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি।

দুই দলের মধ্যে বাজারমূল্যের ব্যবধানও কম নয়। ফ্রান্সের স্কোয়াডের আনুমানিক মূল্য ১.৭৮ বিলিয়ন ডলার, যেখানে স্পেনের মোট মূল্য প্রায় ১.৪৩ বিলিয়ন ডলার। অর্থাৎ বাজারমূল্যে ফরাসিরা এগিয়ে প্রায় ৩৫০ মিলিয়ন ডলার।

এই সেমিফাইনালকে আরও বিশেষ করে তুলেছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের উপস্থিতি। বিশ্বকাপে অংশ নেওয়া সর্বোচ্চ বাজারমূল্যের পাঁচ খেলোয়াড়ের মধ্যে চারজনই খেলবেন এই ম্যাচে। তালিকার শীর্ষে রয়েছেন স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল, যার বাজারমূল্য প্রায় ২৩৪ মিলিয়ন ডলার। তার পরেই আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে, যার মূল্য প্রায় ২১০ মিলিয়ন ডলার। ফ্রান্সের মাইকেল অলিসে এবং স্পেনের পেদ্রি গঞ্জালেসের বাজারমূল্য প্রায় ১৭৫ মিলিয়ন ডলার করে। শীর্ষ পাঁচে থাকা নরওয়ের আর্লিং হালান্ডের দল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ায় তিনি এই লড়াইয়ে নেই।

শুধু তারকারাই নন, দুই দলের স্কোয়াডজুড়েই রয়েছে বিপুল আর্থিক শক্তি। এই সেমিফাইনালে অংশ নেওয়া সাতজন ফুটবলারের বাজারমূল্য ১১৭ মিলিয়ন ডলারের বেশি। আর দুই দলের মোট ২২ জন খেলোয়াড়ের প্রত্যেকের মূল্য অন্তত ৫৮ মিলিয়ন ডলার। এর মধ্যে স্পেনের সাতজন এবং ফ্রান্সের ১৫ জন।

পজিশনভিত্তিক বাজারমূল্যের হিসাবেও রয়েছে ভিন্ন চিত্র। গোলকিপারদের ক্ষেত্রে স্পেন এগিয়ে। তাদের তিন গোলরক্ষকের সম্মিলিত বাজারমূল্য প্রায় ১১৪ মিলিয়ন ডলার, যেখানে ফ্রান্সের গোলকিপারদের মোট মূল্য প্রায় ৬৭ মিলিয়ন ডলার।

রক্ষণভাগে অবশ্য আধিপত্য ফ্রান্সের। তাদের ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৭৩ মিলিয়ন ডলার, যা স্পেনের ৩৩৭ মিলিয়ন ডলারের রক্ষণভাগের তুলনায় অনেক বেশি।

মিডফিল্ডে আবার এগিয়ে স্পেন। পেদ্রিকে কেন্দ্র করে তাদের মিডফিল্ডের মোট মূল্য প্রায় ৪৯১ মিলিয়ন ডলার, যেখানে ফ্রান্সের মিডফিল্ডের বাজারমূল্য প্রায় ৩৬৫ মিলিয়ন ডলার।

সবচেয়ে বড় পার্থক্য দেখা যায় আক্রমণভাগে। যদিও বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলার ইয়ামাল স্পেনের হয়ে খেলছেন, তবুও সামগ্রিকভাবে ফ্রান্সের ফরোয়ার্ড লাইন অনেক বেশি শক্তিশালী। ফরাসি উইঙ্গার ও স্ট্রাইকারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৮৭৭ মিলিয়ন ডলার, যা দুই দলের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান তৈরি করেছে। আক্রমণভাগের এই গভীরতাই বাজারমূল্যে ফ্রান্সকে স্পেনের চেয়ে অনেক এগিয়ে রেখেছে।

তবে ফুটবলে বাজারমূল্য কখনোই ফল নির্ধারণ করে না। তারপরও পরিসংখ্যান বলছে, প্রায় ৩ বিলিয়ন ডলারের এই লড়াই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হিসেবে নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে।