এখন সময় ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ , ১০:১৮ এ এম

অনলাইন সংস্করণ

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। টানা ১৩ দিন ধরে ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সামরিক বাহিনীর দাবি, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং জর্ডানের মুওয়াফফাক সালতি (আল-আজরাক) বিমানঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনের বিমানঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার, সরঞ্জাম গুদাম এবং সেনা সদস্যদের আবাসন এলাকায় হামলা চালানো হয়েছে।

এছাড়া জর্ডানের বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং আবাসিক এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে ইরান।

বিবৃতিতে ইরান সতর্ক করে বলেছে, দেশটির স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ড্রোন মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, এসব অভিযানের উদ্দেশ্য হলো ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সম্ভাব্য হুমকি কমিয়ে আনা।

এদিকে, তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের আন্দিমেশক ও ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।