প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ , ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে জোসেফ বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জননায়ক’-এর। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিনেমাটি নির্ধারিত সময়ের একদিন আগেই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘জননায়ক’ ‘এ’ (অ্যাডাল্ট) সার্টিফিকেট পেয়েছে। শুরুতে ২৪ তারিখ সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ তারিখ থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘জননায়ক’।
মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। জোসেফ বিজয়ের এই সিনেমাকে ঘিরে শুরু থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফলে প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি দর্শকদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারে, সেদিকেই এখন সবার নজর।