প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ , ১১:৫২ এ এম
অনলাইন সংস্করণ
ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছে কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি। নিলামে জার্সিটি বিক্রি হয়েছে ৪৯ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা। এর মধ্য দিয়ে এটি পেলের ব্যবহৃত স্মারকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া বস্তুতে পরিণত হয়েছে।
নিলাম প্রতিষ্ঠান সদবিস জানিয়েছে, নিউইয়র্কে অনুষ্ঠিত এই নিলামে জার্সিটি কিনতে পাঁচজনের বেশি সংগ্রাহক অংশ নেন এবং মোট ১০টি দরপ্রস্তাব জমা পড়ে। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক গুরুত্বই জার্সিটির মূল্যকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
মাত্র ১৭ বছর বয়সে এই জার্সি গায়েই স্বাগতিক সুইডেনের বিপক্ষে মাঠে নেমেছিলেন পেলে। ফাইনালে জোড়া গোল করে তিনি ব্রাজিলকে ৫-২ ব্যবধানে জয় এনে দেন এবং দেশটিকে উপহার দেন প্রথম বিশ্বকাপ শিরোপা। সেই সঙ্গে বিশ্বকাপের ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতার যে রেকর্ড তিনি গড়েছিলেন, তা আজও অক্ষত রয়েছে।
এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যাকে বিশ্বজুড়ে পেলে নামেই চেনে ফুটবলপ্রেমীরা, পরবর্তীতে হয়ে ওঠেন ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী কিংবদন্তি। ২০২২ সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর কীর্তি এখনও সমান উজ্জ্বল।
সদবিসের ভাষ্য, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবিগুলো ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি প্রচারিত ছবিগুলোর মধ্যে অন্যতম। আর সেই অবিস্মরণীয় মুহূর্তের নীরব সাক্ষী এই জার্সিটি।
জার্সিটির নিলাম ইতিহাসও বেশ আকর্ষণীয়। ২০০৪ সালে এটি ৭০ হাজার ৫০৫ পাউন্ডে, অর্থাৎ তৎকালীন বিনিময়মূল্যে প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়েছিল। দুই দশকের ব্যবধানে এর মূল্য বেড়েছে কয়েক ডজন গুণ।
তবে পেলের এই জার্সি ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামি স্মারক নয়। সেই রেকর্ড এখনও ধরে রেখেছে বেসবল কিংবদন্তি বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে পরা জার্সি, যা ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
এ ছাড়া সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া ক্রীড়া স্মারকের তালিকায় রয়েছে মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালসের জার্সি, যার মূল্য ছিল ১ কোটি ১০ লাখ ডলার। অন্যদিকে, ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার পরা বিখ্যাত জার্সিটি নিলামে বিক্রি হয়েছিল ৯২ লাখ ডলারে।