এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ , ০৮:৪৮ এ এম

অনলাইন সংস্করণ

পাল্টাপাল্টি হামলার মাঝেই আজ মাশহাদে খামেনির দাফন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যেই আজ বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হচ্ছে। ইরাকের কারবালায় শেষ শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ জন্মস্থান মাশহাদে নেওয়া হচ্ছে। দাফানুষ্ঠানে কয়েক লাখ মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

তবে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দাফনের আয়োজনেও। যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান থেকে মাশহাদগামী রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত মেরামতের জন্য প্রকৌশলী ও কারিগরি দল কাজ শুরু করেছে। এদিকে, পথে আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহন ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ইরাক থেকে মরদেহ মাশহাদে পৌঁছাতে বিলম্ব হওয়ায় দাফনের আগে অনুষ্ঠিতব্য জানাজা ও শোকমিছিলের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। আগে সকাল ৮টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও তা পিছিয়ে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে। পরে তাঁকে মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।

এর আগে খামেনির মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজারে নেওয়া হলে সেখানে বিপুল জনসমাগম ঘটে। ইরানি সূত্রের দাবি, প্রায় ৩৮ লাখ মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। পরবর্তী সময়ে যুদ্ধবিরতি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘাত আবারও শুরু হয়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ মার্কিন হামলায় গত দুই দিনে দেশটির পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।