প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ , ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসব চলাকালে নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) রাতের এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কোনি আইল্যান্ড এলাকায়।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এবং পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুই পুরুষ, দুই নারী এবং চার শিশু রয়েছে। আহত শিশুদের বয়স ১৪, ১২, ৭ ও ৬ বছর।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে বা হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ব্যস্ত পর্যটন এলাকা কোনি আইল্যান্ডে ঘটে যাওয়া এ হামলার বিষয়ে নিউইয়র্ক পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নানা উৎসব ও আয়োজন চলছিল। সেই উদ্যাপনের মধ্যেই নিউইয়র্কের এই গোলাগুলির ঘটনা ঘটে।