প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ , ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তাঁর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিরোধী দল কংগ্রেস। মঙ্গলবার দিল্লির লোক কল্যাণ মার্গে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলটির নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদও জানান তারা।
এনডিটিভির সরাসরি সম্প্রচার অনুযায়ী, মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কংগ্রেস নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান করতে দেখা যায়। বিক্ষোভ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়।
এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, সোমবার তরুণ ও শিক্ষার্থীদের ওপর যে 'বর্বরতা' চালানো হয়েছে, তার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মিছিল করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার এ ঘটনার দায় নিতে চায় না এবং সংসদেও এ বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন গত কয়েক দিনে আরও তীব্র হয়েছে। সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কয়েক হাজার তরুণ সংসদের দিকে মিছিল করেন। এ কর্মসূচির নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পথে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দিলে বেশ কয়েকজন আহত হন।
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীদের নির্ধারিত প্রতিবাদস্থল যন্তর-মন্তরের আশপাশে শত শত মানুষ জড়ো হন। তারা সেখানে প্রবেশের চেষ্টা করলে বিভিন্ন প্রবেশপথে দীর্ঘ সারির সৃষ্টি হয়। এর আগে পুলিশ জানায়, এলাকাটিতে এখনও ১৬৩ ধারা বহাল রয়েছে।
এদিকে, পুলিশের হামলায় আহতদের দেখতে মঙ্গলবার সকালে দিল্লির একটি হাসপাতালে যান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পুলিশের বেধড়ক লাঠিপেটায় এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার সকালে ক্ষমতাসীন এনডিএ জোটের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি তরুণদের কাছে গিয়ে তাদের উদ্বেগ ও সংশয় দূর করতে এমপিদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত সূত্রের বরাতে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কঠোরতম শাস্তির আশ্বাস দেন। পাশাপাশি বিরোধীদের 'ষড়যন্ত্র' সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করার আহ্বান জানান তিনি।