প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৬ , ০৮:৪০ এ এম
অনলাইন সংস্করণ
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের প্রেক্ষাপটে তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর (প্যাসিফিক ফ্লিট)-এর কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তার নেতৃত্বে ২২ সদস্যের একটি উচ্চপর্যায়ের নৌ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরের পরপরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের অংশ হিসেবেই এটিকে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের সামরিক ও বেসামরিক নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এসব আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা, নৌ-সীমা সুরক্ষা, যৌথ সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে।
বিশ্লেষকদের মতে, বঙ্গোপসাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শক্তিধর দেশের কৌশলগত পরিকল্পনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই বাস্তবতায় এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
অ্যাডমিরাল স্টিফেন কোহলার দীর্ঘ চার দশকের নৌ-অভিজ্ঞতার অধিকারী। তিনি ইউএসএস কার্ল ভিনসনের এক্সিকিউটিভ অফিসার, ফাইটার স্কোয়াড্রন ১৪৩-এর কমান্ডার, ইউএসএস বাতান এবং বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ারের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার সামরিক জীবনে অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণের পাশাপাশি বসনিয়া-হার্জেগোভিনা, লিবিয়া এবং হাইতির মানবিক সহায়তা কার্যক্রমেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া পূর্ব ও দক্ষিণ চীন সাগরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ নৌ অভিযানেও তিনি দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশন ডিরেক্টর, ইউএস থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।