প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ , ০৬:০৮ এ এম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের একজন হিসেবে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন নাটালি হার্প। ৩৫ বছর বয়সী হার্পের সরকারি পদবি প্রেসিডেন্টের বিশেষ সহকারী। বার্ষিক বেতন ১ লাখ ৫০ হাজার ডলার। তবে ট্রাম্পের সঙ্গে প্রায় সবসময় প্রিন্টার ও ব্যাটারি হাতে দেখা যাওয়ায় তিনি পরিচিতি পেয়েছেন ‘হিউম্যান প্রিন্টার’ নামে।
ট্রাম্পের প্রয়োজনীয় খবর, তথ্য ও বিভিন্ন নথি দ্রুত প্রিন্ট করে তাঁর হাতে পৌঁছে দেওয়াই হার্পের অন্যতম প্রধান দায়িত্ব।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হার্প ২০১২ সালে সান ডিয়াগোর পয়েন্ট লোমা নাজোরিন ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ২০১৫ সালে ভার্জিনিয়ার লিবার্টি ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন।
রাজনীতিতে তাঁর পরিচিতি তৈরি হয় ২০২০ সালে। ওই সময় ক্যানসার থেকে সুস্থ হওয়ার পেছনে ট্রাম্পের প্রথম মেয়াদের স্বাস্থ্যনীতির ভূমিকার কথা তুলে ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। পরে ফক্স নিউজের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পান। তাঁর বক্তব্য ট্রাম্পের নজরেও আসে।
২০২০ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পের প্রশংসা করে বক্তব্য দিয়ে আরও পরিচিতি পান হার্প। তবে ওই নির্বাচনে ট্রাম্প পরাজিত হওয়ার পরও তাঁদের যোগাযোগ বজায় থাকে।
২০২২ সালে হার্প ট্রাম্পের সঙ্গে কাজ শুরু করেন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় তাঁকে নিয়মিত ট্রাম্পের পাশে প্রিন্টার ও ব্যাটারি নিয়ে দেখা যায়। সেখান থেকেই ‘হিউম্যান প্রিন্টার’ নামটি ছড়িয়ে পড়ে। নির্বাচনে ট্রাম্পের জয়ের পর হার্পকে আনুষ্ঠানিকভাবে বিশেষ সহকারী করা হয়।
সম্প্রতি ডেমোক্রেটিক সিনেটর জন ওসফ ট্রাম্পের সঙ্গে হার্পের ঘনিষ্ঠতা নিয়ে মন্তব্য করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরে এক সাংবাদিক ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এর পর থেকেই হার্পকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।