প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ , ১০:১৪ এ এম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা কাটিয়ে কূটনৈতিক সংলাপ এগিয়ে নিতে চলতি সপ্তাহেই নতুন দফার কৌশলগত (টেকনিক্যাল) বৈঠক অনুষ্ঠিত হতে পারে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, এই বৈঠকের সম্ভাব্য আয়োজক হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বৈঠক আয়োজনের জন্য দুটি স্থান বিবেচনায় রয়েছে। একটি ইসলামাবাদ, অন্যটি সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্ট। তবে বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদকেই সম্ভাব্য ভেন্যু হিসেবে এগিয়ে রাখা হয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১১ জুলাই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। যদিও আলোচনার স্থান ও সময় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা, বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা এবং লেবাননে সাম্প্রতিক যুদ্ধবিরতি টিকিয়ে রাখার বিষয়ও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হলে দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে থাকা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আস্থা পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি হতে পারে।