এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬ , ০৩:৫২ পিএম

অনলাইন সংস্করণ

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, ডেনমার্কের কাছে ততটা গুরুত্ব নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্কের কাছে দ্বীপটির তেমন কোনো গুরুত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্ক রুটের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। বৈঠকে ন্যাটোর ভবিষ্যৎ, ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় এবং জোটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বৈঠকে ট্রাম্প আবারও অভিযোগ করেন, ন্যাটোর সদস্য দেশগুলোর অনেকেই প্রতিরক্ষা ব্যয়ে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। এর জবাবে রুটে বলেন, ইউরোপের কিছু দেশে ঘাটতি থাকলেও অধিকাংশ সদস্য রাষ্ট্র বর্তমানে প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে এবং জোটের প্রতি তাদের অঙ্গীকার বজায় রেখেছে।

আলোচনার একপর্যায়ে রুটে জার্মানি ও ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় দেশের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলে ট্রাম্প আরও কঠোর সুরে কথা বলেন। তিনি যুক্তরাজ্যের সমালোচনা করে দাবি করেন, অতীতে দেশটি যুক্তরাষ্ট্রকে একটি দ্বীপ ব্যবহারের অনুমতি দেয়নি। একই সঙ্গে ইতালির প্রতিরক্ষা ব্যয় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে রুটে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ট্রাম্পের চাপের ফলেই স্পেন প্রতিরক্ষা খাতে জিডিপির ২ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে এবং অন্য দেশগুলোকেও একই পথে আনা সম্ভব হবে।

এরপর আলোচনায় উঠে আসে গ্রিনল্যান্ডের বিষয়টি। রুটে জানান, পূর্ববর্তী এক বৈঠকে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি ধাপে ধাপে বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছিল এবং সেই প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়নে তিনি কাজ করবেন।

এ সময় ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও আর্কটিক অঞ্চলে কৌশলগত স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্কের জন্য দ্বীপটির গুরুত্ব তেমন নেই বলেও মন্তব্য করেন তিনি। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনমার্কে নাৎসি জার্মানির দখলের প্রসঙ্গও উল্লেখ করেন।

বৈঠকের শেষ দিকে ট্রাম্প ন্যাটোর কার্যক্রম নিয়ে নিজের অসন্তোষ পুনর্ব্যক্ত করলেও রুটের প্রশংসাসূচক মন্তব্যে পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে আসে। রুটের বক্তব্যের জবাবে হাসিমুখে ট্রাম্প বলেন, "এই কারণেই আমি মার্ক রুটেকে এত পছন্দ করি।"