এখন সময় ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ , ০৯:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস প্রশাসনের একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টানা ১৩ দিন ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পর মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউইয়র্ক টাইমস জানায়, শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ উপদেষ্টা এবং মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই ইরানে সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্যদিকে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা বন্ধের এই সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি স্বল্পমেয়াদি বিরতি নাকি দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তনের অংশ, তা স্পষ্ট নয়। তবে আপাতত যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা চালাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগকে আরও সময় ও সুযোগ করে দিতে পারে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন এটিকে সামরিক ও কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়নের অংশ হিসেবেও দেখছে।

তবে পরিস্থিতির অবনতি হলে দ্রুত সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতিও রাখা হয়েছে। অ্যাক্সিওসের সূত্রগুলোর দাবি, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে বিকল্প অভিযান পরিকল্পনা প্রস্তুত রেখেছে।