এখন সময় ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ , ০৬:১৮ এ এম

অনলাইন সংস্করণ

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে ফ্রান্সে অতিরিক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। রোববার দেশটির জনস্বাস্থ্য সংস্থা Santé publique France প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। সংস্থাটি সতর্ক করে বলেছে, তাপপ্রবাহজনিত আরও অনেক মৃত্যু এখনও আনুষ্ঠানিক হিসাবের বাইরে রয়েছে। ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

সংস্থাটির তথ্যমতে, নিহতদের অধিকাংশই ৬৫ বছর বা তার বেশি বয়সী। বিশেষ করে বয়স্কদের ওপর এই তাপপ্রবাহ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। কেয়ার হোম এবং ব্যক্তিগত বাসাবাড়িতে ঘটে যাওয়া মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য এখনও সংগ্রহাধীন। সেসব তথ্য যুক্ত হলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহকে বিজ্ঞানীরা ইউরোপের ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে তীব্র ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহগুলোর একটি হিসেবে উল্লেখ করছেন। বৈশ্বিক গড়ের তুলনায় ইউরোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব দ্রুত বাড়ছে, যার ফলে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিচ্ছে বলে তাদের মত।

চলমান তাপপ্রবাহে ইউরোপের বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অতিরিক্ত গরমে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, অবকাঠামোর ওপর চাপ বাড়ছে এবং স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হচ্ছে।

ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করলেও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চল এখনও তাপপ্রবাহের সতর্কবার্তার আওতায় রয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী Stéphanie Rist বলেছেন, আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলেও এই তাপপ্রবাহের স্বাস্থ্যগত প্রভাব প্রায় ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। দেশটির টেলিভিশন চ্যানেল বিএফএমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংকট এখনও পুরোপুরি কাটেনি এবং সবাইকে সতর্ক থাকতে হবে।