তালুকদার রাসেল

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ , ০৩:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন, ২৫৫ ভোটে বিজয়ী মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্যালটে ফিরল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি হন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট-সমর্থিত এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। দুপুর ২টার দিকে ভোট শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এরপর একই স্থানে শুরু হয় ভোট গণনা।

সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা সম্পন্ন করে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে এবারের ভোটের আলাদা গুরুত্ব রয়েছে। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

ফলে কয়েক দশক পর আবারও সংসদ সদস্যদের ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হয়। সেই নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফল ঘোষণা হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান।

এদিকে নির্বাচনের ফল প্রকাশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলো। পরবর্তী ধাপে গেজেট প্রকাশ ও শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।