-
🇧🇩
বাংলা মূল ভাষা (Original)
-
🇺🇸
English English
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা আপনাদের দাবি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা দলীয় দাবি নিয়ে আসিনি। সরকার আপনাদের অপমান করছে এর প্রতিবাদ করতে আজ এখানে এসেছি।
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার রাত পৌনে ১২টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ চেয়েছিলাম। ১৪০০ জুলাই শহীদের নতুন বাংলাদেশ চেয়েছিলাম। কিন্ত যদি সরকার জুলাই শহীদের সম্মান করতো তাহলে তারা গণভোটের রায় বাস্তবায়ন করত। কিন্তু তারা তা মানেন না। গণভোটকে অবৈধ বলে। গণভোট অবৈধ নয়, গণভোট অবৈধ হলে সংসদ বৈধ হয় কিভাবে?
তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছিলাম গণভোটে জনগণের দেয়া রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। কিন্তু তা করা হয়নি। ইতিহাস সাক্ষী যারাই গণভোটকে অগ্রাহ্য করেছে, তাদের পরিণতি ভোগ করেছে। ভালোয় ভালোয় গণভোটের রায় মেনে নিন, তা না হলে ১১ দলের সাত দফা একদফায় রূপ নেবে।