ঢাকা অফিস

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৬ , ০৯:৪০ এ এম

অনলাইন সংস্করণ

হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান, অমান্য করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, এর আগেও সরকার এ বিষয়ে গণমাধ্যমকে সতর্ক করেছিল। কেউ যদি আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশ করে, তবে তা আদালতের নির্দেশ অমান্য করার শামিল হবে। আদালতের আদেশ বাস্তবায়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

তবে ব্যক্তিগত মতামত তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের আদেশ না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া সমর্থনযোগ্য হতো না। কারও যদি আদালতের আদেশের সঙ্গে দ্বিমত থাকে, তাহলে তিনি আইনগতভাবে আদালতেই সেই আদেশ চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু আদেশ বহাল থাকা পর্যন্ত তা সবাইকে মেনে চলতে হবে।

শেখ হাসিনার সাম্প্রতিক দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতেই চায়। এ লক্ষ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে একই বার্তা দেওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। এরপর তিনি আইন অনুযায়ী আইনজীবী নিয়োগ, আত্মপক্ষ সমর্থনসহ সব ধরনের আইনি সুযোগ পাবেন। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এবং সরকার সেই রায়ই বাস্তবায়ন করবে।

শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, অতীতেও তার বিভিন্ন আহ্বানের বাস্তব প্রভাব দেখা যায়নি। বর্তমানে কিছু ব্যক্তি বা গোষ্ঠী তাকে সমর্থন করলেও রাজনৈতিকভাবে সরকারকে চ্যালেঞ্জ করার মতো সাংগঠনিক বা নৈতিক শক্তি তাদের নেই বলে তিনি মন্তব্য করেন।

সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে তিনি বলেন, সে সময়ের পরিস্থিতি ছিল ব্যতিক্রমধর্মী। এ মুহূর্তে কে কীভাবে ওই ঘটনায় জড়িত ছিলেন, তা নিয়ে সরকারের কোনো তদন্তের উদ্যোগ নেই।