প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬ , ১১:৪৪ এ এম
অনলাইন সংস্করণ
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে দেশের অন্তত আটটি সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকা প্রস্তুত রাখা হয়েছে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কয়েম।
এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে তুরস্কের গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারের নাম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনায় রাখা হয়েছে।
দলীয় নেতারা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় জনসংযোগ, সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয় রয়েছেন। স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই তারা নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন।
সূত্র জানায়, জাতীয় নির্বাচনের পর থেকেই ঢাকা উত্তরে সেলিম উদ্দিন নিয়মিত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তিনি বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরছেন। একইভাবে ঢাকা দক্ষিণে সাদিক কয়েমও বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অন্য সিটিগুলোর সম্ভাব্য প্রার্থীরাও স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এসব এলাকায় সম্ভাব্য প্রার্থী নিয়ে দলের অভ্যন্তরীণ আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
সিটি করপোরেশনের পাশাপাশি দেশের ৩৩১টি পৌরসভা, অধিকাংশ উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যও চেয়ারম্যান ও সদস্য পদে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছে জামায়াতে ইসলামী।
দলের একাধিক নেতা মনে করছেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন আসনে দল-সমর্থিত প্রার্থীদের তুলনামূলক ভালো ফল স্থানীয় সরকার নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সে কারণেই আগেভাগেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।