প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২৬ , ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর বিজয় সরণি সিগন্যালে পেশাগত দায়িত্ব পালনকালে গ্লোবাল টেলিভিশনের মোবাইল জার্নালিস্ট (মোজো) বুলবুল হোসাইনের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছেন সাংবাদিকরা।
শনিবার (৮ আগস্ট) সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ৪ আগস্ট বিজয় সরণি সিগন্যালে দায়িত্ব পালন করছিলেন বুলবুল হোসাইন। এ সময় পুলিশ সদস্যবাহী একটি বাস থেকে কয়েকজন পুলিশ সদস্য নেমে এক নারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ওই নারীকে মারধরের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন বুলবুল।
বক্তাদের অভিযোগ, ভিডিও ধারণের একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য তাঁর ওপর চড়াও হন এবং জোর করে তাঁকে একটি পুলিশ ভ্যানে তুলে নেন। সেখানে ধারণ করা ভিডিও মুছে ফেলার জন্য তাঁকে চাপ দেওয়া হয়। ভিডিও ডিলিট করতে রাজি না হওয়ায় তাঁকে ভ্যানের ভেতরে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে বুট পরা পা দিয়ে তাঁর বুকে আঘাত করা হয় এবং শ্বাসরোধের চেষ্টাও করা হয় বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। পরে ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় বুলবুলকে পুলিশের ভ্যান থেকে বের করে আনা হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
মানববন্ধনে জানানো হয়, চিকিৎসকরা বুলবুল হোসাইনের মাথা, চোখ ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন শনাক্ত করেন। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন গণমাধ্যমকর্মীর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ ধরনের নির্যাতনের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাঁদের মতে, এটি সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের শামিল।
তাঁরা আরও অভিযোগ করেন, এ ঘটনায় ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ঘটনার বিষয়ে কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি।
এ অবস্থায় মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান সাংবাদিকরা।
সাংবাদিক সমাজের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং আন্দোলন জোরদার করা হবে।
মানববন্ধনে সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সহকর্মী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁরা বুলবুল হোসাইনের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান।