ঢাকা অফিস

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ , ১১:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

সংবিধানের আগে বিএনপিরই সংশোধন প্রয়োজন: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। সংবিধান সংশোধনের আগে বিএনপির নিজেদের অবস্থান ও রাজনীতির সংশোধন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে 'রক্তাক্ত জুলাই' শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় ছাত্র-জনতার প্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তর।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি তাদের ৩১ দফা ভুলে গিয়ে এখন নোট অব ডিসেন্টের কথা বলছে। তিনি বলেন, "নোট অব ডিসেন্টের প্রতারণা বাদ দিয়ে গণভোটে জনগণের দেওয়া রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন। সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন হতে হবে।"

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই তাকে গুম করা হয়েছিল। ওইদিন বহু মানুষকে গুম করেছিল শেখ হাসিনার বাহিনী। দুই বছর পর তাদের একটাই দাবি, স্বৈরাচার ও তার দোসরদের বিচার নিশ্চিত করা। বিচার না হলে দেশে আবারও স্বৈরাচারের উত্থান ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার ভূমিকার কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, উত্তরা ছিল গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান দুর্গ। 'ছত্রিশ জুলাই' উত্তরা ও যাত্রাবাড়ী থেকে গণভবনমুখী ঐতিহাসিক পদযাত্রা শুরু হয়েছিল। সেই আন্দোলনের মুখেই শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। উত্তরার অবদান কখনও ভোলা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের সম্ভাব্য পুনর্বাসনের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, "যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে এই উত্তরা থেকেই আবারও প্রতিরোধ শুরু হবে।"

এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকার মজুমদারসহ উত্তরার শহীদ পরিবারের সদস্য ও জুলাইয়ের আহত যোদ্ধারা।