ঢাকা অফিস

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৬ , ০৭:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে চূড়ান্ত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে অলি আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এর আগে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করতে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অলি আহমদও বৈঠকে অংশ নেন।

এর মধ্য দিয়ে ১৯৯১ সালের পর প্রথমবারের মতো বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘটনা ঘটতে যাচ্ছে। ১৯৯১ সালে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছিল। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাসের কাছে পরাজিত হন। এরপরের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এবার ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়ন রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।