ঢাকা অফিস

প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬ , ০৮:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার আহ্বান

ভিয়েতনামে বিধিবহির্ভূতভাবে অবস্থানরত বাংলাদেশিদের নির্ধারিত সরকারি জরিমানা পরিশোধ করে নিজ উদ্যোগে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে দেশে ফেরানোর নামে অর্থ আদায়কারী প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধও জানিয়েছে মিশনটি।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত দূতাবাসের এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফিরতে আগ্রহীদের সরাসরি নিকটস্থ পুলিশ স্টেশন বা ভিয়েতনাম ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় জরিমানার পরিমাণ উল্লেখ করে একটি সরকারি পত্র দেবে। সেই পত্রে উল্লেখিত সরকারি ব্যাংক হিসাবে অর্থ জমা দেওয়ার পর ইমিগ্রেশন থেকে এক্সিট পাস সংগ্রহ করে নিজ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফেরা যাবে।

দূতাবাস আরও জানায়, এ প্রক্রিয়ায় কোনো বাংলাদেশি বা ভিয়েতনামের তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করাই নিরাপদ। কারণ সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি দূতাবাসের নাম ব্যবহার করে দেশে পাঠানোর আশ্বাস দিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, পাসপোর্ট না থাকলে দূতাবাস কেবল প্রয়োজনীয় ট্রাভেল পারমিট ইস্যু করে থাকে। এর সরকারি ফি মাত্র ১০ মার্কিন ডলার, যা আবেদনকারীর আর্থিক অবস্থা বিবেচনায় অনেক ক্ষেত্রে মওকুফও করা হয়। এর বাইরে দেশে ফেরার প্রক্রিয়ায় দূতাবাস কোনো ধরনের অর্থ গ্রহণ বা মধ্যস্থতা করে না।

দূতাবাস জানিয়েছে, ভিয়েতনাম সরকারের নির্ধারিত জরিমানার অর্থ সংশ্লিষ্ট সরকারি কোষাগারে সরাসরি জমা দিতে হবে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন না করে সরকারি নিয়ম অনুসরণ করার জন্য ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।