প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ , ০৮:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে বড় পরিসরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জানিয়েছে, বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পাশাপাশি একটি বে-টার্মিনাল নির্মাণে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের শীর্ষ কর্মকর্তারা। তারা বাংলাদেশে বন্দর, রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনা করেছেন বলে জানান।
প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি বে-টার্মিনাল নির্মাণে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী। একই সঙ্গে দেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া সৌদি আরবের আরও কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখছে।
তাদের মতে, বিনিয়োগসংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে পরবর্তী সময়ে যৌথ বৈঠকের মাধ্যমে বিস্তারিত আলোচনা হতে পারে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও চলমান উদ্যোগ সম্পর্কে সৌদি প্রতিনিধিদলকে অবহিত করেন এবং বাংলাদেশ সফর ও বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য তাদের ধন্যবাদ জানান।
জবাবে সৌদি প্রতিনিধিদলের সদস্যরা সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন সৌদি আরবের বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।