প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ , ০৬:০২ এ এম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক বাজারে সোনার দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে। গত শুক্রবার স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম একপর্যায়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৩১ ডলার ৯৯ সেন্টে উঠেছে, যা গত ১৫ মের পর সর্বোচ্চ। চলতি সপ্তাহে দাম বেড়েছে ৫ শতাংশের বেশি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোনার দাম ২০০ দিনের গড় ৪ হাজার ৫১৩ ডলারের গুরুত্বপূর্ণ স্তর অতিক্রম করায় বাজারে আরও ঊর্ধ্বমুখী প্রত্যাশা তৈরি হয়েছে। গত এক মাসে সোনার দাম বেড়েছে প্রায় ৪৬৬ ডলার বা ১১ দশমিক ৫১ শতাংশ।
সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে অন্যতম প্রধান কারণ যুক্তরাষ্ট্রের ডলারের দুর্বলতা। দীর্ঘমেয়াদি সরকারি বন্ড পুনঃক্রয়ের পরিকল্পনা ঘোষণার পর বাজারে ডলারের ওপর আস্থা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। ডলারের দর কমলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে নির্ধারিত সোনা তুলনামূলক সস্তা হয়। এতে চাহিদা বাড়ে এবং দামও ঊর্ধ্বমুখী হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তাও সোনার বাজারকে প্রভাবিত করছে। জুলাইয়ে ফেড সুদের হার অপরিবর্তিত রাখে। অর্থনীতির গতি কিছুটা দুর্বল হওয়ায় ভবিষ্যতে সুদ কমার সম্ভাবনা নিয়ে বাজারে প্রত্যাশা বেড়েছে। সুদের হার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ বাড়ে।
গোল্ডম্যান স্যাকসের মতে, সোনার কল অপশনের চাহিদা দ্রুত বাড়ছে। একই সঙ্গে সোনাভিত্তিক ইটিএফেও বিনিয়োগ বাড়ছে। টিডি সিকিউরিটিজের বিশ্লেষক বার্ট মেলেকের ধারণা, বর্তমান গতি অব্যাহত থাকলে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৭০০ ডলারে উঠতে পারে।
বিশ্ববাজারের প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত তিন দিনে দুবার দাম বাড়ানোর পর দেশের বাজারে সোনার ভরি আবার ২ লাখ ৪৫ হাজার টাকা ছাড়িয়েছে।
এদিকে সোনার পাশাপাশি গত শুক্রবার রুপার দাম ২ দশমিক ৩ শতাংশ, প্ল্যাটিনাম ২ দশমিক ৮ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে।