ঢাকা অফিস

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ , ০৯:২৩ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে রোববার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সক্ষমতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আয়োজিত এই মহড়ায় ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করবেন।

শনিবার (১৮ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, যৌথ এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বাস্তব পরিস্থিতিতে সামরিক কার্যক্রম পরিচালনা, সমন্বয় এবং প্রস্তুতি বৃদ্ধির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘টাইগার লাইটনিং-২০২৬’-এর প্রশিক্ষণসূচিতে জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের জরুরি চিকিৎসা ও সরিয়ে নেওয়ার কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রশিক্ষণ দুই দেশের সামরিক সদস্যদের একে অপরের দক্ষতা, কৌশল এবং কার্যপদ্ধতি সম্পর্কে আরও গভীর ধারণা অর্জনের সুযোগ করে দেবে।

মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এই মহড়া ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মূল লক্ষ্য হলো সামরিক প্রস্তুতি বৃদ্ধি, আন্তঃকার্যক্ষমতা উন্নয়ন এবং যৌথভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা শক্তিশালী করা।

উল্লেখ্য, ‘টাইগার লাইটনিং’ প্রথম শুরু হয় ২০১৭ সালে। কোভিড-১৯ মহামারির সময় সাময়িক বিরতি এলেও গত পাঁচ বছর ধরে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত হয়েছে।

মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের অনুশীলনের সমন্বয়ে পরিচালিত হবে। এর সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত পরিস্থিতিতে অর্জিত দক্ষতার প্রয়োগ ঘটাবেন।