ঢাকা অফিস

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ , ০৮:৪০ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাদেশে সাংবাদিক নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশের গণমাধ্যম খাতে পেশাদারিত্ব, জবাবদিহি ও নৈতিক মানদণ্ড শক্তিশালী করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং আইনজীবীদের বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালুর বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বুধবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আইনটি আধুনিকায়নের মাধ্যমে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পাশাপাশি বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মিথ্যা, হয়রানিমূলক ও সাংবাদিকতার নীতিবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ আরও কার্যকর শাস্তিমূলক বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে।

একই সঙ্গে গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য কিংবা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের অভিযোগে প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত হয়ে তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার কিংবা অনৈতিক কর্মকাণ্ডকে সরকার সমর্থন করে না বলেও তিনি উল্লেখ করেন।

প্রস্তাবিত আইন সংশোধন কার্যকর হলে বাংলাদেশের সাংবাদিকতা পেশায় প্রবেশের জন্য নির্দিষ্ট যোগ্যতা ও নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার পাশাপাশি প্রেস কাউন্সিলের নিয়ন্ত্রক ও তদারকি ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।