ঢাকা অফিস

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ , ০৫:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাদেশে তরুণরাই উন্নয়নের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নের পরবর্তী ধাপ নির্ভর করছে তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, শিক্ষা ও সক্ষমতার ওপর। তিনি বলেন, তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তিতে পরিণত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

শনিবার প্রকাশিত এ বার্তায় প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনাকে একসঙ্গে এগিয়ে নিতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, জনমিতিক সম্ভাবনাকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির শক্তিতে রূপান্তর করতে মানবসম্পদ উন্নয়ন, সার্বজনীন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, একটি শিক্ষিত, প্রযুক্তিবান্ধব, সুস্থ ও উদ্ভাবনী তরুণ প্রজন্মই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে তরুণদের দক্ষতা বাড়াতে সরকার কাজ করছে, যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে। একই সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা, উন্নত স্বাস্থ্যব্যবস্থা এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হলে তরুণরা আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও দায়িত্বশীল পরিবার গঠনের সিদ্ধান্ত নিতে পারবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব এবং অপুষ্টি এখনও দেশের মানবসম্পদ উন্নয়নের বড় বাধা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন এবং জীবনদক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর দিচ্ছে।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের তরুণদের উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি তরুণ-তরুণী সমান সুযোগ পেলে তারাই ভবিষ্যতের সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনের নেতৃত্ব দেবে। পাশাপাশি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।