ঢাকা অফিস

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ , ০৮:৪৪ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে অর্থায়ন করছে সুইডেন ও ইউএনডিপি

বাংলাদেশের বিচার বিভাগকে আরও কার্যকর, স্বচ্ছ এবং নাগরিকবান্ধব করে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করেছে সুইডেন সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। চলমান বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে সুইডেন সরকার অতিরিক্ত ৩০ লাখ সুইডিশ ক্রোনা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এই অর্থ বিচারিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং আইনের শাসনকে আরও শক্তিশালী করার উদ্যোগে ব্যয় করা হবে।

ঢাকায় ইউএনডিপির কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই অর্থায়ন বাংলাদেশের বিচার বিভাগীয় সংস্কার কর্মসূচিকে আরও গতিশীল করবে। একই সঙ্গে বিচারিক প্রতিষ্ঠানগুলোকে আরও জবাবদিহিমূলক, দক্ষ এবং জনগণের চাহিদার প্রতি অধিকতর সংবেদনশীল করে গড়ে তুলতে সহায়তা করবে।

ইউএনডিপির মতে, নাগরিকদের জন্য কার্যকর বিচারিক সেবা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সুইডেন ও ইউএনডিপির দীর্ঘদিনের অংশীদারিত্বেরই ধারাবাহিকতা এই নতুন সহায়তা। প্রকল্পের আওতায় বিচার বিভাগের সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সংস্কার কার্যক্রমেও সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক এবং জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রচেষ্টার পাশে সুইডেন সবসময় রয়েছে। তার ভাষায়, এই অতিরিক্ত অনুদান দুই পক্ষের যৌথ অঙ্গীকারের প্রতিফলন, যা বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াবে এবং ন্যায়বিচারে মানুষের প্রবেশাধিকার আরও সহজ করবে।

ইউএনডিপি বাংলাদেশের বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জনআস্থা, সামাজিক সংহতি এবং টেকসই উন্নয়নের জন্য একটি কার্যকর বিচার ব্যবস্থা অপরিহার্য। তিনি বলেন, বিচার বিভাগকে জনগণের প্রয়োজনের প্রতি আরও দায়িত্বশীল ও সেবামুখী করে তুলতে সুইডেনের ধারাবাহিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, বিচার বিভাগীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সুইডেন ও ইউএনডিপির মধ্যে মূল চুক্তি স্বাক্ষরিত হয় ২০২৪ সালের ১১ ডিসেম্বর। সর্বশেষ এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে সেই উদ্যোগের পরিধি ও কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।