প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ , ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ
প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সম্প্রসারণের অংশ হিসেবে ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি জুলাই মাসে ধাপে ধাপে কমিশনের কারিগরি ও ব্যবস্থাপনা দল তিন দেশে গিয়ে এ কার্যক্রম চালু করবে।
ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিনের স্বাক্ষরিত পৃথক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, ১৩ জুলাই ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল বাহরাইনে যাবে। তারা সেখানে সাত দিন অবস্থান করে নিবন্ধন কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করবে। পরে ১৫ জুলাই আইডিয়া (ফেজ-২) প্রকল্পের প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যোগ দেবে।
ফ্রান্সে কার্যক্রম শুরু করতে ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল সফরে যাবে। তাদের পর ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের ব্যবস্থাপনা দল সেখানে পৌঁছাবে।
অন্যদিকে, ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল সিঙ্গাপুরে যাবে। এরপর ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যোগ দেবে।
সরকারি আদেশে বলা হয়েছে, তিন দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি দলের সব ধরনের ব্যয় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া (ফেজ-২) প্রকল্প থেকে বহন করা হবে।
বর্তমানে নির্বাচন কমিশন বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এসব দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান এবং দক্ষিণ আফ্রিকা।