ঢাকা অফিস

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৬ , ০৭:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের এটি প্রথম বৈঠক। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।

সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে এই বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সীমান্ত, বাণিজ্য, ভিসা, যোগাযোগ, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন অমীমাংসিত বিষয়ও আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের বিষয়টি জানানো হয়।

রোববার এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো এবং সরকারি পর্যায়েও এই সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা রয়েছে।

বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।