প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ , ০৯:২১ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার তুরস্ক সরকারের আমন্ত্রণে তিনি এ সফরে যান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
বাংলাদেশ ও তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করেছে। সেনাপ্রধানের এই সফরকে দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপ ও প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে।